'খোজ দ্যা সার্চ' ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে আবির্ভূত হন এ সময়ের হট চলচ্চিত্র অভিনেত্রী ববি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। অল্প সময়েই ঢালিউডের শীর্ষ নায়িকা একজন সাহসী অভিনেত্রী ববি। যদিও তার এই উত্থানের পেছনে পরিচালক ইফতেখার চোধুরীর অবদানই বেশি বলে চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন। ঢালিউডের ছবিতে এই নায়িকার খোলামেলা উপস্থিতি বাংলা ছবিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বর্তমানে এই নায়িকার হাতে হাফডজন ছবি রয়েছে। শুধু তা-ই নয়, আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার দুই-দুইটি ছবি। ছবিগুলো হলো বদিউল আলম খোকনের 'হিরো : দ্য সুপার স্টার' এবং মোহাম্মদ হোসেনের 'আই ডোন্ট কেয়ার'। এর মধ্যে 'হিরো : দ্য সুপার স্টার'-এ তার নায়ক শাকিব খান। অন্যদিকে, 'আই ডোন্ট কেয়ার' ছবিতে তার বিপরীতে রয়েছেন বাপ্পী চৌধুরী। এ সম্পর্কে ববি বললেন, এই প্রথম একসঙ্গে আমার দুটি ছবি মুক্তি পাচ্ছে। দুটি ছবিই বিগ বাজেটের। তাই ছবিগুলো নিয়ে আমি দারুণ আশাবাদী।' এদিকে, মাঝে খবর রটেছিল, 'হিরো : দ্য সুপার স্টার' ছবি থেকে ববিকে বাদ দেয়া হয়েছে। কিন্তু এই গুঞ্জনকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ববি। 'হিরো : দ্য সুপার স্টার' ছবির ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে। থাইল্যান্ড ও লন্ডনে এর বাকি অংশের শুটিং হবে। অর্থাৎ, আগামী জুনের মধ্যে এই ছবির কাজ শেষ করে সেন্সরে জমা দেয়া হবে। অপরদিকে ববির 'আই ডোন্ট কেয়ার' ছবির কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন শুধু সেন্সর ছাড়পত্রের অপেক্ষা। ববি অভিনীত মুক্তির মিছিলে ববির আরো তিনটি ছবি রয়েছে। এগুলো হলো শফিক হাসানের 'স্বপ্নছোঁয়া' এবং ইফতেখার চৌধুরীর 'অ্যাকশন জেসমিন' ও 'ওয়ান ওয়ে।' ছোট পর্দায় একসময়ের এই পরিচিত মুখ ঢাকাই ছবিতে নিজের বেশ শক্ত অবস্থানই তৈরি করেছেন।