ফের খেলার মাঠে মুখোমুখি হচ্ছেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী প্রীতি জিনতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর ফাইনালে আজ ১ জুন মুখোমুখি হচ্ছেন শাহরুখ-প্রীতির দল কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। শুক্রবার মধ্যরাতে চেন্নাই সুপার কিংসকে ২৪ রানে পরাজিত করে ফাইনালে উঠে প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে তার আগেই বুধবার সেমিফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে পরাজিত করে ফাইনালে স্থান করে নেয় শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। বলিউডের দুই তারকার দুই দল ফাইনালে ওঠায় এবারের আইপিএল ফাইনাল একটু বেশি গুরুত্ব পাচ্ছে। আইপিএলে ফাইনালে কে হারবে কার কাছে? এই প্রশ্নে উত্তেজনার পারদ বাড়ছে। স্বভাবতই উন্মাদনা কাজ করছে শাহরুখ-প্রীতির ভক্তদের মধ্যেও। 'বীর-জারা' ছবিতে এই জুটির দীর্ঘ বিচ্ছেদের পর মিলনের আনন্দে যারা আবেগাপ্লুত হয়েছিলেন, রোমান্সে যারা চোখের জলে ভেসেছেন, তারাই এখন অধীর আগ্রহে শাহরুখ-প্রীতির লড়াই দেখার অপেক্ষায় আছেন! শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স আইপিএলের চলতি চ্যাম্পিয়ন। সেমিফাইনালে এরই মধ্যে তারা হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। প্রীতির ভক্তরা অবশ্য চাইবেন সেমিফাইনালে পরাজয়ের মারমুখী জবাব দিয়ে শিরোপা ঘরে তুলতে। আর তাইতো এখন সেটাই দেখার পালা কে হাসবেন বিজয়ের হাসি- শাহরুখ না প্রীতি!