বর্তমান সময়ে ঢাকাই ছবির অন্যতম আলোচিত নায়িকা পরী মনি। যদিও এখন পর্যন্ত তার অভিনীত কোনো ছবিই মুক্তি পায়নি। তবে তার এই আলোচিত হবার অন্যতম কারণ 'রানা প্লাজা' নামের ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম খান। ছবিতে পরীমণির চরিত্রের নাম রেশমা। তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন। 'রানা প্লাজা' ছবিটি আসছে ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাভার ট্র্যাজেডিকে ঘিরে নির্মিত ‘রানা প্লাজা’ ছবিটি নিয়ে বেশ আশাবাদী পরী। ছবিটি প্রসংগে পরী মণি বললেন, ' ছবিতে রেশমা চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যে জীবনের ঝুঁকি নিয়েও অভিনয় করেছি।' পরী মণি অভিনীত কোনো ছবি এখনও মুক্তি না পেলেও তিনি কাজ করে যাচ্ছেন সমানতালে।বর্তমানে তিনি কাজ করছেন এফআই মানিকের 'সারপ্রাইজ', ফারুক ওমরের 'ভালোবাসার অনেক জ্বালা', মুশফিকুর রহমান গুলজারের 'মন জানে না মনের ঠিকানা', অপূর্ব রানার 'পুড়ে যায় মন', শাহিন-সুমনের 'প্রবাসী ডন' প্রভৃতি চলচ্চিত্রে। চলচ্চিত্রে কাজের প্রসঙ্গে পরী মণি আরো জানালেন, 'আমার মনে হয় আমি আমার স্বপ্নের জগতে চলে এসেছি। জীবনে অনেক বড় রকমের একটা পরিবর্তন চলে এসেছে। আগে দেখা যেত পড়াশোনা, পরিবার নিয়েই ব্যস্ত থাকতাম। আর এখন আমার অন্যরকম একটা পরিবার হয়েছে। আমি যেখানেই কাজ করতে যাই সেখানেই সবাই আমাকে আপন করে নিচ্ছে। এখন মনে হয় আমি যাদের সঙ্গে কাজ করছি তারাই আমার পরিবারের সদস্য।' এছাড়াও সম্প্রতি পরী মনি 'ধূমকেতু' নামের একটি নতুন ছবিতে চুক্তি বদ্ধ হয়েছেন। আর এই ছবিতে তার নায়ক হিসেবে রয়েছেন ঢালিউড বাদশা শাকিব খান।

1 মন্তব্য(গুলি):

 
Top