লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরুর পর অভিনেত্রী হিসেবে ছোট পর্দায় নিয়মিত কাজ করে সফলতা পান বাঁধন। তবে বিয়ে এবং সন্তানের কারণে মাঝে একটি দীর্ঘ বিরতি ছিল বাঁধনের। অনেকেরই হয়তো অজানা যে পেশায় একজন ডেন্টিস্টও বটে। এদিকে মধ্যের দীর্ঘ বিরতি কাটিয়ে এরই মধ্যে আবারও অভিনয় শুরু করেছেন বাঁধন। নিজের মনের মধ্যেকার ভাবনাগুলোর সমন্বয়ে একটি নাটক লেখা শুরু করছেন তিনি। যার মাধ্যমে ডেন্টিস্ট ও অভিনেত্রীর পাশাপাশি হয়তো খুব শিগগিরই নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। তবে নিজের এ অন্য পরিচয়ে সামনে আত্মপ্রকাশ করার বিষয়টি তেমন কাউকে জানাননি। নাটকটি লেখা সম্পন্ন হওয়ার পরই সেটি নির্মাণ নিয়ে ভাববেন। লেখা শেষ হলে ভালো পরিচালকের মাধ্যমে তিনি নাটকটি পরিচালনা করাতে চান। এদিকে সর্বশেষ ‘মায়ের কোল’ নামক একটি নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এটি পরিচালনা করেছেন দেব জ্যোতি ভক্ত। পরিবারে একটি বাচ্চা মেয়ের মানসিক জটিলতাকে কেন্দ্র করে এগিয়েছে এ নাটকের কাহিনী। এখানে বাঁধনের বিপরীতে অভিনয় করেছেন মাজনুন মিজান। এর বাইরে বাঁধনের হাতে রয়েছে অনেকগুলো ঈদের নাটকের প্রস্তাবও। ব্যাটে বলে মিলে গেলে হয়তো সেগুলো করে ফেলতে পারেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন