লাক্স তারকা খ্যাত মেহজাবীন বর্তমানে মডেলিং ও অভিনয়ে খুব ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১৪'-এর প্রমোশনাল মডেল হিসেবেও টিভি পর্দায় দেখা যাচ্ছে তাকে। বিশেষ করে 'লাক্স' সাবানের বিজ্ঞাপনটির মডেল হবার পর থেকেই এই তারকার ব্যস্ততা দিন দিন বেড়েই চলেছে। নির্মাতাদের কাছে এখন মেহজাবীনের বেশ ভালো চাহিদা রয়েছে। আর তাইতো সেই ধারাবাহিকতায় বর্তমানে মেহজাবীন ঈদের নাটক নিয়ে দিন রাত ব্যস্ত আছেন। আগামী ২০ দিন ঈদের নাটক নিয়ে টানা ব্যস্ত সময় পার করবেন বলে জানালেন মেহজাবীন। সম্প্রতি তিনি 'একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প' শিরোনামে একটি নাটকের শুটিং শেষ করেছেন। এছাড়াও আগামী ২০ দিনে আরও ছয়টি ঈদের নাটকে অংশ নেয়ার কথা রয়েছে তার। এদিকে মেহজাবীন সর্বশেষ আদনান আল রাজীবের নির্দেশনায় 'গ্ল্যাক্সোজ-ডি'র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। নিজের কাজ প্রসঙ্গে মেহজাবীন বললেন, ছোট পর্দায় নাটক ও মডেলিং এই দুই মাধ্যমেই এখন বেশি মনোযোগ দিচ্ছি আমি। নিজেকে একজন অভিনয় শিল্পী হিসেবেই তৈরি করতে চাই। এছাড়াও 'পরবাসিনী' নামের একটি ছবিতে অভিনয় করেছি। অভিনয়ের সুযোগ আছে এমন যেকোনো কাজই করতে চাই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন